খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডাক দিয়েছে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

মঙ্গলবার দুপরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি সদর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কমান্ডার মো. আব্দুর রহমান, সাবেক জেলা কমান্ডার মো. মোস্তফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মো. হারুন স্বাক্ষরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ সড়ক অবরোধের ডাকা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে শুক্রবার অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

গত ২০ জানুয়ারি দুপুর পৌনে ১২টায় জেলার আদালত সড়ক এলাকায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটে।এর জেরে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারেরর দাবিতে মঙ্গলবার পর্যন্ত আলটিমেটাম দেয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এদিকে হামলার দিনই খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু কংজরী চৌধুরীসহ শতাধিক আওয়ামীলীগ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান জানান, মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে এজাহারভূক্ত দুই আসামী কদমতলীর বাসিন্দা আলিম উদ্দিনের ছেলে মো: আরিফ (২৩) ও শাল বাগানের নুরুল ইসলাম পিসির ছেলে মো: হাসমতকে (২১) আটক করেছে।

আবুবকর/জারিফ