গোপালগঞ্জে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই ব্যক্তির মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৃত ব্যক্তি সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জেলা শহরের একটি ক্লিনিকের ওটি সহকারী হিসাবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিক থেকে ছুটি দেওয়া হয়। বুধবার তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয় এবং বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, লিটু সরদারের লাশ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা লাশ নিয়মানুযায়ী দাফন করবেন।
গোপালগঞ্জে এখন পর্যন্ত ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।
এমবি





