রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ ৫জন আহত হয়েছেন।
শাহবাগ জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থান কর্মসূচিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা চালানো হয়।
ককটেল স্প্লিন্টারে আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজহারুল ইসলাম (২১), জাদুঘরের সামনে চিড়া-দই বিক্রেতা মো. রেন্টু মিয়া (৩২), গার্মেন্টসকর্মী মো. জীবন (২৫), গাড়িচালক আব্দুল আওয়াল (৩৫) এবং মানবাধিকারকর্মী ও মুক্তিযোদ্ধার সন্তান রবিউল ইসলাম স্বপন (৩০)।
এ ছাড়া একই সময় বকশি বাজার মোড়ের নিউ খানাখাজানা হোটেলের মধ্যে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলের স্প্লিন্টরের আঘাতে আহত হন হোটের মালিকের ছেলে রাজীব (১৯)।
আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ককটেল হামলায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এমকে





