গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রবিউল ইসলাম (৪০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ততরা।
ঘোড়াঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে রবিবার রাত ১০টার দিকে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান রবিউল।
রবিউল ইসলাম উপজেলার কামদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের তেঘড়া গ্রামের আনছার আলী ছেলে।
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘোড়াঘাট বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে কৈলাটিকর নামক স্থানে একদল দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাকে উপর্যপুরী আঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসআই মিজান আরও জানান, নিজের বসতবাড়ি সংলগ্ন একটি পুকুর নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারাণা করা হচ্ছে। তার শরীরের একাধিক অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় রবিউলের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এএইচ





