সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু'জনকে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- উপশহর যতরপুরের মৃত ইউনুস বিহারীর ছেলে বিকাশ ও নেপুল ইসলাম। তবে নেপুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নগরে বেপরোয়া গতিতে একটি অনটেস্ট মোটর সাইকেল চালাচ্ছিলেন নেপুল। আর বিকাশ তার সঙ্গে পেছনে ছিলেন। তালতলা এলাকায় পুলিশ তাদের মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয়।
কিন্তু তারা সংকেত উপেক্ষা করে বেপরোয়া গতিতে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের গুলি করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ বলেন, সংকেত দেয়ার পরও মোটর সাইকেল না থামিয়ে চলে যাচ্ছিলেন ওই দুই যুবক।
পরে পুলিশ তাদের আটকাতে পেছন থেকে গুলি করে।আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সোহেল।
এআর





