রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে আহতদের মধ্যে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম মনোয়ারা বেগম।
বৃহস্পতিবার বিকালে তিনি মার যান বলে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ নিশ্চিত করেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো ৪ জনে।
তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত মনোয়ারা বেগম (৪০) নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত মনোয়ারার বাড়ি বরগুনা জেলার সদর থানা এলাকায়। তিনি রাজধানীর বাংলামোটর এলাকার পেট্রোলপাম্পের গলিতে থাকতেন।
এর আগে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত ছয়জনের অবস্থাও গুরুতর।এদের মধ্যে মনোয়ারা (৫০), ফজলু (৪০) ও রাজীবের (১৮) নাম জানা গেছে।
ঘটনাস্থলে নিহত নুর মোহাম্মদ (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার পিতার নাম মকবুল হোসেন। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার বাসিন্দা। নুর মোহাম্মদ কমলাপুর এলাকায় কলা বিক্রি করতেন।
সকাল পৌনে ৯টার দিকে দুদিক থেকে দুটি ট্রেন কারওয়ান বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হতাহতরা দুই ট্রেনের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হন।
ঢাকা, জেইউ, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





