যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সোমবার বিকালে পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই (৩৮), বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভুট্টো (৪২), যুবলীগ নেতা শফিক ধাবক, রেজাউল (৩২), দোকানদার সুরঞ্জিত ও পথচারীসহ ১০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন শফিক ধাবক ও আব্দুল হাই। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বোমার আঘাতে আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। পরিস্থিতি শান্ত রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক জানান, বাগআঁচড়ায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সাতমাইল পশুহাট নিয়ে বিরোধ চল আসছিল। পশুহাটটি দখল নিয়ে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ