সুন্দরবন বাঁচাতে হলে বনের অভ্যন্তরের নৌরুট অচিরেই বন্ধ করতে হবে বলে মনে করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

তিনি বলেন, ‘অয়েল ট্যাংকার ডুবির ঘটনায় সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হয়েছে। সুন্দরবনের ইতিহাসে এতো বড় দুর্ঘটনা এর আগে আর ঘটেনি। তাই সুন্দরবনকে বাঁচাতে বনের অভ্যন্তরের এ নৌরুট অচিরেই বন্ধ করতে হবে। তা না হলে সুন্দরবনকে রক্ষা করা যাবে না।’

বুধবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া ট্যাংকার ও তেল ছড়িয়ে পড়ার অবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান বন সংরক্ষক তপন কুমার দে, মংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বর অপারেশন আলতাফ হোসেন, বাগেরহাট জেলা প্রশাসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ওই এলাকা পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএর খুলনার উপ-পরিচালক আশরাফ হোসেন।

জেআই