বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে (২৫) বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।

আহত মেহেদী হাসানের ছোট ভাই আতিক জানান, ব্যবসায়িক কাজকর্ম শেষে শেরপুর শহর থেকে বাড়ির উদ্দেশে তার ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক হয়ে সালফা এলাকায় আসেন।

এরপর সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির সন্নিকটে আসা মাত্র রাস্তার পাশে ওঁতপেতে থাকা ৪-৫ জন সন্ত্রাসী মেহেদী হাসানকে ঘেরাও করে লাঠিসোঠা ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে।

একপর্যায়ে ছেলের চিৎকারে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন জানান, আহত মেহেদী হাসানের মাথার বেশ কয়েকটি স্থানে একাধিক সেলাই দেওয়া হয়েছে। তবে তার মা গোলাপী বেগমের আঘাত অতটা গুরুতর নয়।

শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মন এ ধরনের কোনো খবর তার জানা নেই।

এএইচ