খাগড়াছড়িতে বিজিবি কর্তৃক পাহাড়ি পরিবারের ভূমি দখল ও পাহাড়িদের পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে ৪টি আদিবাসী ছাত্রসংগঠন।
আজ মঙ্গলবার (১৭মার্চ) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব সংলগ্ন গাঙ্গিনারপাড় শাপলা চত্তরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন লিঙ্কন, সুপ্রদীপ চাকমা, নয়ন চাকমা, বিপু রেমাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিজিবির একটি ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে ২১ টি পাহাড়ি পরিবারের ভূমি দখল করেছে। এর প্রতিবাদে পাহাড়িরা বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী নিরীহ পাহাড়িদের লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এ মানববন্ধন কর্মসূচির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।





