মেঘনা নদীর বালুমহালে অবৈধ টোকেন কাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে সাবু কালাম (২৮) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত পাঁচজন।
শনিবার সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাবু কালাম মুন্সীগঞ্জের বিজয় এন্টারপ্রইজের কর্মী ও শহর ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
আহত সাবুকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের রিফাত এন্টারপ্রইজ নামের একটি প্রতিষ্ঠান অবৈধ ভাবে মেঘনা নদীতে বালু কাটার টোকেন কাটছিলো। এসময় মুন্সীগঞ্জের বিজয় এন্টারপ্রইজের কর্মী সাবু কালাম বাধা দেন। এতে রিফাত এন্টারপ্রইজের নান্নু মিয়া ও তার লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে সাবু কালামের চোখে গুলি লাগে ও আরো আহত হয় অন্তত পাঁচজন।
বালুমহাল ইজারাদার আফসার উদ্দিন ভূঁইয়া জানান, রিফাত এন্টারপ্রইজের বালুকাটার কোনো ড্রেজার বা মহাল নেই। তারা অবৈধ ভাবে জোর করে টোকেন কাটছে। একই সঙ্গে বালু উত্তোলনের চেষ্টা চলাচ্ছে। এতে বাধা দিলে তারা গুলি চালায়। এসময় আমাদের পাঁচকর্মী আহত হয়েছে।
এ ব্যাপারে সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার খবর জানতে পেরেছি। শুনেছি একজন আহত হয়েছে। তবে কোন পক্ষ গুলি ছুঁড়েছে তা জানা যায়নি। কেউ অভিযোগও করেনি।
জেআই





