নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলামের ঢাকাস্থ বাসায় ৩ গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ পেয়েছে রমনা থানা পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকা ফাতেমা (১০), কুলসুম (১৩) ও শামীমকে (১৩) ওই বিচারকের স্ত্রী শামীমা শহিদ নির্যাতন করে আসছিলেন। তাদের কোথাও বের হতে দেয়া হতো না। সোমবার তারা জানালার গ্রিল কেটে বের হয়ে ৭ তলা বাসার ৪ তলা পর্যন্ত নামে। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় রমনা থানা পুলিশ তাদের উদ্ধার করে।

রমনা থানার এসআই একে আজাদ এ তথ্য জানান।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শহিদুল ইসলামের স্ত্রী শামীমা শহিদ এক সন্তান নিয়ে রমনা থানা এলাকার ৪০/৪১ কুলসুম টাওয়ারের ৭ তলার একটি ফ্ল্যাটে থাকেন। সেখানে ওই ৩ গৃহপরিচারিকা তার বাসার কাজ করতো। সোমবার বিকালে তারা ভবনটির ৭ তলার জানালার গ্রিল কেটে ৪ তলা পর্যন্ত নেমে আসে। ওখানে তারা আটকা পড়ে কান্নাকাটি করলে স্থানীয়রা রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকাল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করে।

এসআই জানান, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

৩ গৃহপরিচারিকার বরাত দিয়ে এসআই আরো জানান, বিচারকের স্ত্রী শামীমা শহীদ তাদের মারধর করতেন। কিন্তু বিচারক তাদের কখনো গায়ে হাত তুলতেন না। বিচারক সকালে নারায়ণগঞ্জ চলে যান। রাতে ফেরেন। তিনি এসব ঘটনা হয়তো জানেন না।

কিভাবে গ্রিল কেটে বের হয়েছে জানতে চাইলে তিনি জানান, গৃহকর্ত্রী সোমবার তার এক সন্তানকে স্কুলে আনতে যান। এই ফাঁকে তারা বাসার গ্রিল কেটে বের হয়। ভবনটির ৪ তলা পর্যন্ত এসে তারা আর নামতে পারছিলো না। সেখানে তারা আটকা পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয়রা রমনা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে।

এসআই আজাদ আরো জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত শামীমা শহীদের খোঁজ করছে। কিন্তু বাসায় তালা দিয়ে তিনি পালিয়েছেন।

এই ঘটনায় কোনো মামলা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

এ বিষয়ে রমনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান জানান, তিন গৃহপরিচারিকা দুই থেকে তিন মাস ধরে ওই বাসায় কাজ করে।

কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে বলে জানান তিনি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ