ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
গতকাল সোমবার রাতে আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিটি ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়।
এর আগে গত রোববার উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা বরাবর নিরাপত্তা চেয়ে চিঠি দেন তাবিথ আউয়াল।
জানতে চাইলে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘বিএনপি মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল আমাদের কাছে যে অভিযোগ করেছেন সেটি আমরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। প্রত্যেক প্রার্থীর অভিযোগ আমরা আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে দেখছি।’
তাবিথ তাঁর চিঠিতে অভিযোগ করেন, ১২ জানুয়ারি, ২০২০ তারিখে আনুমানিক বেলা ১১টায় মিরপুরস্থ দারুস সালাম থানা এলাকায় গণসংযোগকালে প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আমাকে ও আমার সঙ্গের লোকজনকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়।
এ ধরনের কার্যকলাপ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধানের পরিপন্থী। অতএব, এ বিষয়ে তদন্তপূর্বক জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনপূর্ব সময়ে একজন মেয়র প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য ঢাকা মেট্রোপলিটান পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
তাবিথ আউয়াল চিঠির অনুলিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার, ডিএনসিসির সহকারী রিটার্নিং কর্মকর্তা-৫, মিরপুর থানা নির্বাচন কর্মকর্তা, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট-৫ ও দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠান।
এমআর





