স্টার জলসা চ্যানেলে নাটক দেখতে না দেওয়ায় আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণীর ছাত্রী স্বর্ণা (১২)।

রোববার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ গ্রামে এ ঘটনা ঘটে। স্বর্ণা আগ্রাণ গ্রামের অহিদুল ইসলামের মেয়ে ও আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সোমবার দুপুরে স্বর্ণার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, রোববার রাতে স্বর্ণা টিভিতে ভারতীয় চ্যানেল স্টার জলসায় নাটক দেখছিল। এ সময় তার বাবা অহিদুল ওই চ্যানেল না দেখে অন্য চ্যানেল দেখার জন্য বলেন। বার বার বলার পরও স্বর্ণা বাবার কথা না শুনে স্টার জলসাই দেখতে থাকে। বাবা তাকে গালমন্দ করলে সে অভিমান করে টিভি বন্ধ করে পড়ার কথা বলে পাশের ঘরে যায়।

পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে মা নাসিমা বেগম ওই ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে স্বর্ণাকে নিয়ে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

স্বর্ণার মা নাসিমা বেগম জানান, আমরা ভাবতেও পারিনি সে গলায় ফাঁস দেবে। ভাবছিলাম টিভি দেখা বন্ধ করে স্বর্ণা ঘরে পড়ালেখা করছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পরিবারের অনুরোধে ও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সোমবার দুপুরে স্বর্ণার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

কেএইচ