সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়ের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তাদের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসিড আক্রান্ত সুজাবত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে শুকতারা খাতুনকে (৩২) সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
এসিড আক্রান্ত রোকেয়া বেগমের ছেলে আল আমিন বলেন,উল্লাপাড়া পৌর এলাকার নেওরগাছা মহল্লার সুজাবত আলীর বাড়ির সামনের ১০ শতক সরকারী খাস জায়গার দখল নিয়ে পাশ্ববর্তী কার্তিকের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল।সম্প্রতি কার্তিক খাস জায়গাসহ নিজের তিন শতক জায়গা একই এলাকার ইসমাইল হোসেনের কাছে বিক্রির চেষ্টা করলে দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করে।
এ ঘটনার জের ধরে রোববার রাতে বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য কার্তিক ও ইসমাইলের নেতৃত্বে অন্ততঃ ২৫/৩০ জন সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর-লুটপাট করে এবং তাঁত মেশিনে থাকা সুতা নষ্ট করে ফেলে। এতে বাঁধা দিতে গেলে তারা মা ও মেয়ের উপর এসিড নিক্ষেপ করে তারা। গুরুতর আহত অবস্থায় রাতেই তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় এসিড আক্রান্ত মা ও মেয়ে হাসপাতালে আসে। তাদের মুখ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান এসিডে ঝলছে গেছে। সার্জারী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর সোমবার সকালে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা বলেন, সুজাবত আলী পাশ্ববর্তী কার্তিকের জায়গা দখল করার জন্য চেষ্টা করায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও এসিড নিক্ষেপের মত কোনো ঘটনা সেখানে ঘটেনি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, বিষয়টির তদন্তে উর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হবে। ঘটনা সত্য হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা,১সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ





