বগুড়ার ধুনটে স্বামীর বাড়ি থেকে লিলি খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পৌর এলাকার সরদারপাড়া থেকে রোববার সকাল সাড়ে ১১টায় মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লিলি ওই এলাকার সেলিম রেজার দ্বিতীয় স্ত্রী। লিলির বাবার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

ধুনট থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউদ্দীন জানান, মোবাইলে প্রেম করে গত আড়াই বছর আগে লিলিকে বিয়ে করেছিল সেলিম রেজা। শনিবার রাতে সেলিম ও লিলি খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে।

মধ্যরাতে ঘুম থেকে উঠে স্বামী সেলিম দেখে স্ত্রী লিলি ওড়না দিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। এ অবস্থা দেখে সেলিম বাড়ির সবাইকে ডেকে তুলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে ১১টায় ঝুলন্ত লিলি খাতুনের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, লিলি খাতুনের মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। তার বাবার পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করা হয়েছে।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ