বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সাড়ে তিন শতাধিক স্থানীয় নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার বিকালে উপজেলার সাইনবোর্ড বাজারে রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে কচুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের নেতৃতে তারা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদানকারীদের অধিকাংশই উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও ওই ইউনিয়ন বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।

এর আগে গত ১৯ অক্টোবর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম নিজের ব্যবসায়িক ব্যস্ততা ও শারীরিক সমস্যার কথা বলে লিখিত আবেদন করে তার পদ থেকে পদত্যাগ করেন।

অন্যান্য যোগদানকারীদের মধ্যে নেতৃস্থানীয়রা হলেন-কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর শেখ, একই ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম পাইক, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইলিয়াস হোসেন পাইক, সাংগঠনিক সম্পাদক মুক্তা শেখ, ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, রাঢ়িপাড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহসীন মোল্লা এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল শিকদার।

রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম মাহফুজুর রহমান যোগদানকারী বিএনপি নেতাকর্মীদের নামের তালিকা পাঠ করে শোনান।

অন্যান্যের মধ্যে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু বক্কর সিদ্দিক, মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার প্রমুখ।

যোগদানকারীরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার উন্নয়নে নিজেদের সক্রিয় অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, কচুয়া উপজেলা মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার এলিজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করার কারণে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেএইচ