বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি ও লভ্যাংশে অংশীদার হতে সৌদি বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রোববার) স্থানীয় সময় সকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কোটি মানুষের জীবনমানের পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করে সৌদি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
আমরা লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমাদের দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হতে সৌদি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছি’।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ‘সবচেয়ে উদার’বিনিয়োগ নীতির দেশ উল্লেখ করে উদীয়মান শিল্প খাত বস্ত্র, চামড়া শিল্প, পাট, সিরামিক, পেট্রো-কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, শিপ বিল্ডিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক পণ্য, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানি ও সমুদ্র সম্পদসহ বিভিন্ন খাতের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আইন করে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান, ট্যাক্স হলিডে, যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত, অনিয়ন্ত্রিত প্রত্যাহার নীতি এবং লভ্যাংশ ও পুঁজি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
এসময় বাংলাদেশে তরুণ, পরিশ্রমী এবং তুলনামূলক স্বল্প বেতনে প্রশিক্ষিত জনশক্তি পাওয়া, স্বল্প খরচে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান ও নিউজিল্যান্ডের বাজারে পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধাসহ বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এসএম





