সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন।

শনিবার সকালের দিকে সদর উপজেলার কড্ডা ও রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতিতে পৃথক এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নামপরিচয় জানা যায় নি।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর গ্রামের ভ্যানচালক ওমেদ আলী (২৯) ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফেন্সি খাতুন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকার মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস ভ্যানচালক ওমেদ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপরদিকে, সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের জেলার রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী শ্মশানঘাট এলাকায় মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ফেন্সি খাতুন নামে এক নারী নিহত হয়। আহত হয় আরো ৫ যাত্রী।

ঘটনা দু’টির পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) এটি এম আমিনুল ইসলাম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বিএম ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ