যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ন্যাম ভবনের ফ্ল্যাটটি গত দেড় বছরে একদিনের জন্যও ব্যবহার করেননি।

তিনি বলেন, ‘নির্বাচনের পর থেকে সব মালামাল সরিয়ে নিয়েছি, অন্য কারো নামে এটি বরাদ্দ দিতে কোনো বাধা ছিল না এবং এখনও নেই।’

‘সাত মন্ত্রীকে ন্যাম ভবন ছাড়ার নোটিশ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে যোগাযোগমন্ত্রী মঙ্গলবার এক বক্তব্যে এ সব কথা বলেন।

প্রকাশিত সংবাদে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ আ স ম ফিরোজের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বেশ কয়েকজন মন্ত্রী একই সঙ্গে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আবাসন সুবিধা ভোগ করে আসছেন। দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার সাত মন্ত্রীকে ন্যাম ভবনের ফ্ল্যাট ছাড়ার নোটিশ দিয়েছে সংসদ কমিটি।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) নজরুল ইসলামকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

যোগাযোগমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ফ্ল্যাটটিতে আমি এক বছর অবস্থান করেছি এবং গত দেড় বছর আমি, আমার পরিবার বা আমার কোনো লোক উক্ত ফ্ল্যাটটি একদিনের জন্যও ব্যবহার করেনি।

বর্তমান সংসদ নির্বাচনের পর ফ্ল্যাট থেকে আমর সব মালামাল সরিয়ে নিয়েছি। এ অবস্থায় ফ্ল্যাটটি অন্য কারো নামে বরাদ্দ দিতে কোনো বাধা ছিল না এবং এখনও নেই। কর্তৃপক্ষ এ ফ্ল্যাটটি কোনো সংসদ সদস্যকে বরাদ্দ দিলে যে কোনো দিন ফ্লাটটিতে তিনি উঠতে পারতেন এবং আজও উঠতে পারেন।

ঢাকা,  ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ