পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিক জনি বিশ্বাসের সঙ্গে থাকা সাইফুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে মেয়ে পক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন জনি বিশ্বাস (২৬)।
শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল চরবলরামপুর গ্রামের নওশের আলীর ছেলে। আহত জনি চরভাড়ারা গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে।
নিহত সাইফুল ইসলাম সরকারি এডওয়ার্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের চাচা জহুরুল ইসলাম জানান, জনি বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জোতগড়ি জালালপুর গ্রামের কালাম হোসেনের মেয়ে কনা খাতুনের। এ সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার। এ নিয়ে শালিস বৈঠকও হয়েছে এলাকায়।
এরই জের ধরে শুক্রবার রাত ১২টার দিকে মেয়ের ভাই জুয়েলসহ অন্যরা জনি বিশ্বাস ও তার ভাতিজা সাইফুল ইসলামকে শহরের টার্মিনাল এলাকা থেকে ধরে নিয়ে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে।
খবর পেয়ে পুলিশ ও স্বজনরা আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোররাতে আহত সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, শনিবার সকাল দশটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেমের সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি বলেও জানান তিনি।
কেএইচ





