গাজীপুরে কালিয়াকৈরের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন সাড়ে ১৬ ঘন্টা চেষ্টা চালিয়েও নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের কর্মীরা।
আগুনে ৫ তলা ওই কারখানা ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান নাসির উদ্দিনসহ অন্ততঃ১০ জন আহত হয়েছেন।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকাস্থিত মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় সুতার গুদামে শুক্রবার দিবাগত রাত পৌণে একটার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন প্রায় ৫৪ হাজার বর্গফুট আয়তনের ওই গুদামে রাখা বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে মূহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, কালিয়াকৈর, সাভারের ইপিজেড, টঙ্গী, কুর্মিটোলা, বারিধারা, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ১৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে।
আগুনের তাপ ও প্রচন্ড ধোয়ার কারনে ফায়ার সার্বিসের কর্মীদের বেগ পেতে হয়। আগুনের প্রচন্ড তাপে এক পর্যায়ে ওই ভবনের তৃতীয় তলার ছাদ বিভিন্ন স্থানে ধ্বসে পড়লে আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনে কারখানার ওই ভবনের চারপাশেই বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল ১০ টার দিকে আবারো আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ১৬ ঘন্টা ধরে টানা চেষ্টা চালিয়েও বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সব ক’টি ইউনিটের কর্মীরা কাজ করছে। আগুনে বিপুল পরিমান সুতা ও ফেব্রিক্সসহ কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান নাসির উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুল জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল, ফায়ারম্যান নাসির উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
এমবি





