যশোর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নুকে দলীয় প্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর লোকজন গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছন তিনি।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন কামরুজ্জামান চুন্নু।
তিনি বলেন, ‘শহরের চৌরাস্তা এলাকায় আমার কর্মীদের সামনে নৌকা প্রার্থীর সমর্থকরা হত্যার হুমকি দিয়েছেন। আর সম্প্রতি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ে নৌকা মার্কার পক্ষে এক নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রকাশ্যে বলেছেন, ৪নং ওয়ার্ড কাজীপাড়া এলাকায় অন্য কোনো প্রার্থীর পোস্টার থাকবে না। শুধু তাই নয়, ওই সভা থেকে কোনো ভোটকেন্দ্রে তাদের (অন্য প্রার্থীর) নির্বাচনী এজেন্টও থাকবে না বলেও ঘোষণা দেন চাকলাদার।’
চুন্নু দাবি করেন, প্রকাশ্যে এমন বক্তব্য দেয়ার পর থেকেই নৌকার কর্মীরা নিয়মিত তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। এছাড়া ১৪ ডিসেম্বর কাজীপাড়া এলাকায় নৌকার কর্মী তমালের নেতৃত্বে ৮-১০ জন তার তিন কর্মীকে মারধর করেন এবং পোস্টারে আগুন দেন। এ সময় তার ছেলে সুমনকে অপহরণেরও চেষ্টা করেন তারা।
এ ব্যাপারে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এমএইচ





