জাতীয় সংসদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও সুবিধাদি বাড়িয়ে পৃথক দুটি বিল পাস হয়েছে। তাদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল দুটি উত্থাপন করেন সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত `স্পিকার ও ডেপুটি স্পিকারের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬', `মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬' এবং ‘সংসদ সদস্যদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬' পাস হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে তার বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া সুবিধাদি ১ লাখ ৫০ হাজার টাকার পরিবর্তে ২ লাখ ৭০ হাজার টাকা করা হয়েছে।
আর রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে তার বীমার জন্য আগের ১৫ লাখ টাকার পরিবর্তে ২৭ লাখ টাকা হারে পাবেন। তবে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলে আগের মতোই দুই কোটি টাকা থাকবে।
প্রধানমন্ত্রীর (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ১৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সুবিধাদি ও ভাতা বৃদ্ধি করে যথাক্রমে ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ টাকা, ১ লাখ ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেসরকারি বাড়িতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পাবেন ৫০ হাজার থেকে এক লাখ টাকা। বিমান ভ্রমণের বীমার সীমা ১৪ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা হারে পাবেন।
এছাড়া ঢাকার বাইরে গেলে প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা ও স্বেচ্ছাধীন তহবিলের আকার এক কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে।
এমবি





