বিশ্ব ব্যাংকের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ চলছে বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।বিশ্ব ব্যাংকের পরিকল্পনা থেকে একচুলও সরে আসা হয়নি।

মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী সেতুর কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যেই চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান প্রকৌশলীসহ ৩০ জনের প্রতিনিধি দল মাওয়ায় এসে কাজ শুরু করেছেন।

মাওয়া সেতু ভবনের ডাক বাংলোয় শুক্রবার সকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মূল অবকাঠামোর কাজ চিনে অব্যাহত রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিছু অবকাঠামো সেখান থেকে তৈরি করে এনে সরাসারি স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, আগস্টের মধ্যেই সেতু নির্মাণের জন্য নদী শাসনের কাজের চূড়ান্ত আদেশ দেওয়া হবে। সেতুর কাজ ও নদী শাসনের কাজ পাশাপাশি চলবে।

এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান ব্রিগেডিয়ার জিলানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর