আড়াই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছে সুমিত সাহা (১৬) ও জুয়েল রানা (১৫) নামে দুই বাংলাদেশি।
রোববার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এরা হচ্ছে-চাঁপাইনবাগঞ্জ জেলার চররানীনগর-বকচার গ্রামের রাজকুমার সাহার ছেলে সুমিত সাহা (১৪) ও একই জেলার শিবগঞ্জের মুন্সিপাড়া গ্রামের সাইবুর রহমানের ছেলে জুয়েল (১৫)।
সুমিত ও জুয়েল জানায়, আড়াই বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মুর্শিদাবাদের লালগোলা ও মালদারে গিয়েছিল রাজমিস্ত্রির জোগালের কাজ করতে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। এরপর ভারতে অনুপ্রবেশের দায়ে জুয়েলের আড়াই বছর ও সুমিতের দেড় বছরের কারাদণ্ড দেয় সে দেশের আদালত। তাদের বয়স আঠার বছরের নিচে হওয়ায় জেলখানার পরিবর্তে তাদের বহরমপুর সেফ হোমে রাখা হয়।
এদিকে, তাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও ভারতের বেসরকারি সাহায্য সংস্থা প্রাজক যৌথভাবে দু’দেশের হাইকমিশনের মাধ্যমে জুয়েল ও সুমিতকে স্ব স্ব ঠিকানায় ফিরে আসার ব্যাপারে চেষ্টা চালাতে থাকে। অবশেষে রোববার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তের আইসিপি চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এসময় উপস্থিত ছিলেন-বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম, বিএসএফের গেঁদে কোম্পানী কমান্ডার লেকরাজ সিং, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুব ও গেঁদে চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ সঞ্জয় গুহ।
জেএ





