ভোলা শহরের ওয়াস্টেনপাড়ার ইলিয়াস মাস্টারের ভাড়াটে বাবুলের বাসার গৃহকর্মী বিবি আমেনা (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় ভোলা থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা মামলা হয়নি।

নিহতের মা আমিরন নেছা বলেন, ‘তাদের বাড়ি ভোলার উত্তর চরনোয়াবাদ বয়লারের কাছে। তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে আমেনা বড়। অভাবের তাড়নায় দুই বছর আগে আমেনাকে ব্যবসায়ী বাবুলের বাসায় কাজে দিই। তবে তার কোনো বেতন ছিল না।

মঙ্গলবার রাত ১টায় বাবুলের স্ত্রী জোনাকি বেগম মোবাইলে ফোন দিয়ে তাদের ডেকে আনে। তারপর জোনাকি বেগম বলেন, রাত সাড়ে ১০টায় আমরা বাসার বাইরে যাই। যাওয়ার সময় বাইরে থেকে তালা মেরে ভেতরে আমেনাকে রেখে যাই। পরে রাতে এসে তালা খুলে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও আমেনা দরজা খুলছে না।

এ সময় আমেনার বাবা জিয়াকে খবর দিয়ে আনা হয়। পরে পুলিশ আসার আগেই দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান আমেনা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

গৃহকর্ত্রী জোনাকি জানান, তিনি এক দাওয়াতে গিয়েছিলেন। যাওয়ার সময় আমেনাকে যেতে বলেন। কিন্তু সে যায়নি। তার স্বামী ও এক মেয়ে ওই বাসায় থাকেন। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, তারা আলামত জব্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওই গৃহকর্মী গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমকে