ঝিনাইদহে জামান জুট মিলে মেশিন পরিষ্কার করার সময় হাত কাটা পড়ার পর এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে বিসিক শিল্প নগরীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মিজানুর রহমান। 

নিহত হিলু মণ্ডল সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মণ্ডলের ছেলে।

জামান জুট মিলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, “হিলু মেশিনে কাজের সময় তার ডান হাত কাটা পড়ে। তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।”

ওসি মিজানুর প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “হিলু সকালের শিফটে কাজে এসে মেশিন পরিষ্কার করছিলেন। এ সময় তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে কাটা পড়ে।

“তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরে তিনি মারা যান।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি মিজানুর রহমান।