হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জন গুলিবিদ্ধ রয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে সামসুল (৪০), শফিকুল (৩৫), হরমুজ (৩০), মামুনুর (৪০), আব্দুল হাই (৪৫), আফরোজ (৩০), রহিম (৬০), এরশাদ (২০), মহসীন (১৪), শাহিন (২০), তোফাজ্জল (২২), তাবিদুল (১৫), হিফজুর (১৮), শরীফ (২৫), করিম (২৭), তোফায়েল (২৬), গাজী (২৪), মুকিত (২৫), নাজমুল (২৬), ফরিদ (২৮), সমুজ (৪০) ও শরিফুলসহ (২০) অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শাহপুর গ্রামের সিদ্দিকের ছেলে ফয়েজের (৮) সঙ্গে একই গ্রামের ইজ্জতের ছেলে মোফাজ্জেলের (১৩) ঝগড়া হয়।
শনিবার বিষয়টি সালিশে নিস্পত্তি হওয়ার কথা ছিল। সকালে উভয়পক্ষের লোকজন গ্রামে সালিশ বৈঠকে বসলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উপভয়ক্ষের লোকজন বন্দুক ও টেটা, ফিকল, লাঠিসোটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ হন অন্তত ১০ জন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর ২টার দিকে বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কেএইচ





