২০দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের সমর্থনে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে মিছিল করেছে জোট নেতা-কর্মীরা। এসময় মিছিল থেকে ছোড়া হাতবোমায় এক কলেজছাত্রী আহত হয়েছে।
রোববার দুপুরের দিকে মহানগর মহিলা কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান জানান, এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মামুনকে আটক করা হয়।
আহত শারমিন সুলতানা (১৭) এবার কবি নজরুল সরকারি কলেজের অ্যাকাউন্টিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি প্রক্রিয়ার বিষয়ে জানতে ফরাসগঞ্জের বাসা থেকে কলেজে যাওয়ার পথে তিনি বোমার শিকার হন।
মাহিন নামে এক যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।
মোজাম্মেল হক বলেন, হাতবোমা বিস্ফোরণে শারমিনের কোমর ও বাহুতে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে মহানগর মহিলা কলেজের গলি থেকে কয়েকজন যুবক মিছিল করে এসে রাস্তায় চারটি হাতবোমা ফাটিয়ে চলে যায়।
এ সময় সেখানে থাকা শারমিনের গায়ে বোমার স্লিন্টার লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরেও একই স্থানে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মীরা।
এমকে/জেআই





