নারী নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থানার ওসিসহ ৫ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সূভাষ চন্দ্র সাহা বলেন, আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন, কাজীপুর থানার ওসি (প্রশাসন) আব্দুল জলিল, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এএসআই আশফাক হোসেন ও নারী কনস্টেবল রনি ও সীমা।

সেখান থেকে প্রত্যাহারের পর তাদের সিরাজগঞ্জ পুলিশ লাইনে নেয়া হয়েছে। তবে বিভাগীয় মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

২০১৪ সালে কাজীপুরের আলমপুর গ্রামের গৃহবধূ আছিয়া খাতুন হত্যার ঘটনায় মাথাইলচাপর গ্রামের এক নারীকে গত ২১ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ।

২৭ জানুয়ারি তাকে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীনের আদালতে হাজির করা হয়।
এসময় ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ওই নারী বলেন, তাকে ৬ দিন থানায় রেখে নির্যাতন চালানো হয়েছে।

এতে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন বিচারক।

গত ২৮ জানুয়ারি বিকালে সিভিল সার্জনের ডা. শামসুদ্দিনের দায়ের করা প্রতিবেদনে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে জখমের বিষয়টি উল্লেখ করা হয়।

এরপর অভিযুক্ত পুলিশদের বিষয়ে বিভাগীয় মামলা দায়ের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।

এআর