শরীয়তপুর সদর উপজেলার বুদ্ধিরবাজার এলাকায় বাসের চাপায় আমিনুল ইসলাম মুন্সী (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম সদর উপজেলার দক্ষিণ চর মধ্যপাড়া গ্রামের ফারুক মুন্সীর ছেলে।
প্রতক্ষদর্শীরা জানায়, শরীয়তপুর থেকে নাগেরপাড়ার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস দুপুরে শরীয়তপুর-নাগেরপাড়া সড়কের বুদ্ধির বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলসহ আরোহী বাসের নিচে চলে যায়। বাসের যাত্রীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের বাবা ফারুক মুন্সী বলেন, আমিনুল যশোরে একটি হোটেলে ম্যানেজার পদে কাজ করতো। রমজানের আগের দিন সে বাড়ি আসে। একই এলাকার বন্ধু সুজনের মোটরসাইকেল নিয়ে সকালে উড়ার চর তার ফুফুর বাড়িতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় সে মারা যায়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওএফ





