নারায়ণগঞ্জে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে মহানগরের সিদ্ধিরগঞ্জের দুটি সিনেমা হল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হলের টিকিট কাউন্টারের ভেতর থেকে খলিলুর রহমান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অপর সিনেমা হলের লোকজন পালিয়ে গেলেও সেখান থেকে একটি অশ্লীল চলচ্চিত্রের রিল জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত রাজমহল ও গোদনাইল চৌধুরীবাড়ী এলাকায় অবস্থিত বন্ধু সিনেমা হলে শনিবার দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিমের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

গাউছুল আজম জানান, স্থানীয়রা অভিযোগের করেন স্থানীয় সিনেমা হলে একটি বাংলা সিনেমার অশ্লীল পোস্টার সাঁটানো হয়েছে। এতে তারা বিব্রত অবস্থায় রয়েছেন। এলাকাবাসী নিজেরাই ওইসব অশ্লীল পোস্টার মাটি দিয়ে লেপে দিয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সিনেমা হল দুটিতে অভিযান চালানো হয়।

অভিযানের খবর টের পেয়ে হলের মালিক পক্ষ দর্শকদের হলের ভেতরে রেখে তালা লাগিয়ে পালিয়ে যায়। তবে খলিল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় অশ্লীল ছবি প্রদর্শনের অভিযোগে হল দুটি সিলগালা করা হয় বলে তিনি জানান।

কেএইচ