টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গাতে বিভিন্ন ক্লিনিক হাসপাতাল ও মসলার গুদামে অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও পুলক চক্রবর্তীর নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালনা করা হয়। এতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ও ৫৩ ধারায় অভিযুক্তদের বিচার করা হয়।
এসময় এলেঙ্গা হাসপাতাল লিমিটেডে ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দেয়ার জন্যে আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং অপরিস্কার ও নোংরা পরিবেশের কারণে এলেঙ্গা হাসপাতালকে ১ লাখ টাকা, এলেঙ্গা ডায়াবেটিক হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং
পুরাতন ভূঞাপুর রোডে মসলার গুদামে ভেজাল পণ্য রাখা ও বাজারজাত করণের কারণে আব্দুল বারেককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও অনাদায়ে ২০ দিনের জেল দেয়া হয়। এসময় রং মেশানো কয়েক বস্তা ভেজাল কালো এলাচ সকলের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এআর





