ঘরমুখো যাত্রীদের কাছে প্রতিদিন ট্রেনের ৬০ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রোববার বেলা ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, টিকিট কালোবাজারির সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যাত্রীরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকছেন, কাউন্টারগুলো ধীর গতিতে টিকিট সরবরাহ করছে।

কিছু যাত্রী অভিযোগ করেন, সকাল ৯টা থেকে অনলাইনে টিকিট পাওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যাকসেস পাওয়া যাচ্ছে না।

এসব অভিযোগ শোনার পর মন্ত্রী যাত্রীদের আশ্বাস দিয়ে জানান, যাত্রী ভোগান্তি লাঘবে প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী দিন থেকে নতুন পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, যেসব মেশিন ধীরগতিতে কাজ করছে সেগুলোকে পরিবর্তন করে আগামী বছর থেকে কাউন্টারগুলোকে গতিশীল মেশিন দেয়া হবে।

প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হওয়ার কথা থাকলেও যাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, যতক্ষণ টিকিট আছে ততক্ষণ বিক্রি চলবে।

এদিকে, সকাল ৯টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে একযোগে ২০টি কাউন্টারে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে দেখা যায়।

রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব রুটের টিকিট বিক্রি করা হচ্ছে। রোববার দিনভর বিক্রি করা হবে ২৪ জুলাইয়ের টিকিট।

সোমবার বিক্রি করা হবে ২৫ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২২ জুলাই মঙ্গলবার ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই বুধবার ২৭ জুলাইয়ের এবং সর্বশেষ ২৪ জুলাই বৃহস্পতিবার বিক্রি করা হবে ২৮ জুলাইয়ের টিকিট।

প্রত্যেক দিনই সকাল ৯টা থেকে শুরু হয়ে এ টিকিট বিক্রি শেষ হবে বিকেল ৫টায়।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ