সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাবা, স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যা করেছে আলফু মিয়া নামে এক পাষণ্ড। পরে স্থানীয় জনতা ঘাতককে ধরে পুলিশে সোপর্দ করেছে। নিহতরা হলেন- আলফু মিয়ার বাবা আলাউদ্দিন (৬০), স্ত্রী বিউটি বেগম (৩২) ও মেয়ে আমেনা বেগম (৩)।
শনিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক আলফু মিয়া মানসিক প্রতিবন্ধী বলে স্বজনরা দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলফু মিয়া পেশায় টিউবওয়েল মিস্ত্রি। নেশাগ্রস্ত হয়ে রাতে বাড়ি ফেরেন। পরে কোনো কারণ ছাড়াই আলফু মিয়া উত্তেজিত হয়ে টিউবওয়েলের লোহার পাইপ দিয়ে পিটিয়ে আলাউদ্দিন, বিউটি ও আমেনাকে হত্যা করেন।
এসময় তার আরেক মেয়ে ঘর থেকে পালিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি প্রতিবেশীদের জানায়। এলাকাবাসী এসে আলফু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ৩টি সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





