যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপারের সময় ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৪ জুন) ভোর ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্তের সাদিপুর ও বেনাপোল-দৌলতপুর সড়ক থেকে তাদের আটক হয়। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

আটকরা হলেন- নড়াইলের নারদ চন্দ্রের ছেলে নিপুন কুমার (৩৩), রাজ মহনের ছেলে আলো মধু (৫০), অপূর্ব শিকারির ছেলে অনিকা শিকারি (২২), নির্মল বালার স্ত্রী দীপু বালা (৩০), অনয় বৈদ্ধের স্ত্রী অন্তরা বৈদ্ধ (২৩), ইমরানের স্ত্রী মরিয়ম (২৫), খুলনার জনক সরকারের ছেলে হরিদাস সরকার (৭০), গোপালগঞ্জের মনোরঞ্জন ঠিকাদারের ছেলে বাবু ঠিকাদার (৪৬), জতীশ মণ্ডলের ছেলে চন্দ্রজিৎ মণ্ডল (৩০), চন্দ্রজিৎ মণ্ডলের স্ত্রী দেবী মণ্ডল (২৪), কালাচাঁদ বুয়ার ছেলে অসিত বুয়ার (৩০), মাদারীপুরের ভ্যাগ্যদাড় বালার ছেলে অমর বালা (২৬), ঝালকাঠির বিমল মণ্ডলের ছেলে গৌর মণ্ডল (৪৭) ও যশোরের বিশম্ভর রায়ের ছেলে উজ্জ্জ্বল রায় (৩৫)।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল বাংলানিউজকে জানান, এসব নারী-পুরুষরা দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়।

আটকদের ১৯৭৩ সালের পাসপোর্টে আইনে (১১সি) ধারায় মামলা দিয়ে শুক্রবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমআর