রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার ভোর ছয়টা থেকে আবার চালু হয়েছে।

প্রচণ্ড স্রোতের পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে নদীতে বড় ঢেউ সৃষ্টি হওয়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, গতকাল শনিবার নদী উত্তাল থাকায় যাত্রী পারাপারের বিষয়টি গুরুত্ব দিয়ে সতর্কতার সঙ্গে লঞ্চ চলাচল অব্যাহত রাখা হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে ঢেউ বাড়তে থাকলে ওই দিন বিকেল সাড়ে চারটা থেকে এই রুটে চালু ২২টির মধ্যে ছোট সাতটি লঞ্চ বন্ধ করে বড়গুলো চালানো হয়। এরপর সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হলে দুর্ঘটনা এড়াতে পৌনে সাতটার পর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ রোববার ভোর ছয়টার দিকে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চালু করা হয়। বর্তমানে ২২টি লঞ্চই চালু রয়েছে। এর আগে লঞ্চ বন্ধ হলে যাত্রীরা ফেরিতে করে নদী পাড়ি দেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই