রাজবাড়ীর গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (২৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ (২৬) কে আটক করেছে পুলিশ।

নিহত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেওটিল গ্রামের ইসমাইল হোসেন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ১০টার দিকে ৭/৮ জন দুর্বৃত্ত জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে থাকতে পারে।

এ ব্যাপারে আশিক নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।

এমকে