টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মাহবুব আলম জেলার জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
সোমবার (১৮ জুলাই) সকালে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় তিনি ওই ঘোষণা দেন।
নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। সাংবাদিক ও পুলিশ একাত্ম হয়ে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
দেশে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ নানা মৌলবাদী সংগঠনের উত্থান ও ধংসাত্মক কর্মকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদীদের মানুষ হত্যা করে বেহেস্তে যাওয়ার 'তক্মা' সম্পূর্ণ ভুল, এটাকে শান্তির ধর্ম ইসলাম সমর্থন করেনা।
তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসী যেই হোক কোন ছাড় দেয়া হবেনা; শত বাধা এলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে। টাঙ্গাইল জেলা পুলিশের কোন সদস্যের যেকোন ধরণের অপরাধকে কোন ভাবেই সহ্য করা হবেনা। টাঙ্গাইলের মাটিতে কোন জঙ্গির ঠাঁই হবে না। এদেশ জঙ্গিবাদ মুক্ত দেশ হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ্য করা হবে না।
এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শাহিন সৈকত ও অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আসলাম খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ সুপার মাহবুব আলম টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হন। পরে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহাম্মেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
উল্লেখ্য যে, এর আগে মাহবুব আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ছিলেন। টাঙ্গাইলে তিনি পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের স্থলাভিসিক্ত হলেন।
এমআইএস





