সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ও অনুষ্ঠিতব্য সব মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পূর্ব নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত আগে থেকেই কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

এস