জামিনে ছাড়া পেয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি এসএম এরশাদ আলমকে (৩৪) হত্যার হুমকি দিয়েছে এক মাদক ব্যবসায়ী।
রোববার রাত ৯টার দিকে তাকে এ হুমকি দেয়া হয়।
হুমকি দেয়ায় পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এরশাদ আলম জানান।
সোমবার দুপুরে তিনি জানান, উপজেলার পুষ্টকামুরী গ্রামের মৃত মো. তারা মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম দোলন এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গত ১১ মার্চ টাঙ্গাইলের র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে পুষ্টকামুরী গ্রাম থেকে দোলন ও তার সহযোগীকে বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করে। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন ছাপা হয়। এতে দোলন ও তার সহযোগীরা সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়ে আসছে।
সম্প্রতি মাদক ব্যবসায়ী দোলন জেল থেকে জামিনে ছাড়া পায়। রোববার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি যাওয়ার সময় কালিবাড়ি রোডে এরশাদ আলমকে গালাগালি এবং হত্যার হুমকি দেয় দোলন।
ঘটনাটি তিনি স্থানীয় সাংবাদিক ও মির্জাপুর থানা পুলিশকে অবহিত করেন।
সোমবার এ ঘটনার প্রতিবাদে মির্জাপুর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদের সভাপতিত্বে সভায় সমকালের সাংবাদিক মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস ছাড়াও বিভিন্ন দৈনিক, টেলিভিশন, অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় অবিলম্বে মাদক ব্যবসায়ী দোলনকে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়।
এমই





