বিজিবি ও বিএসএফের উপ-পরিচালক পর্যায়ে বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার দুপুরে ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে বিজিবির সাহায্যে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশকে হস্তান্তর করেন।
বিজিবি সূত্র জানায়, রৌমারী উপজেলার নতুন বন্দর ও ভারতের মাইনকার চর এলাকার ১০৬৫ নং সীমানা পিলারের নিকট দেড় ঘণ্টার বৈঠকে তাদের ফেরত দেয়া হয়।
তারা হলেন- কুড়িগ্রামের রৌমারীর কাজাইকাটি এলাকার সুরমান আলীর পুত্র আবু সাইদ, চাঁদপুরের ওসমান আলীর পুত্র শাহাদাত, উলিপুর উপজেলার খেয়ারচর এলাকার মোতালেবের দুই পুত্র জাহেদুল ও সানোয়ার, মাদারীপুর জেলার আকরাম হোসেনের পুত্র বাবুল করিম, কুড়িগ্রামের কচাকাটার আমীর হোসেনের পুত্র তাজুল, ময়মনসিংহ ভালুকার ইদ্রিস আলীর পুত্র হাবিবুর, টাঙ্গাইলের ভুয়াপুরের হানিফ উদ্দিনের পুত্র রাসেল ও কুমিল্লা জেলার বিনান্দা পালের পুত্র সুঘোষ পাল।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের উপ-পরিচালক ওয়াই অজিত সিং, বাংলাদেশের জামালপুর জেলার বিজিবির উপ-পরিচালক এবিএম গোলাম রব্বানী, ভারতের পুলিশ সহকারী উপ-পরিদর্শক নারায়ণ দেব, বাংলাদেশের পুলিশ সহকারী উপ-পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





