ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক পূর্ব মুহূর্তে জঙ্গি সংগঠন আল কায়েদার পাঠানো বার্তা ভাবনার বিষয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সার্বিক দিক বিবেচনায় ভাষা দিবসে শহীদ মিনার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ভাষা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা জোরদারে যা যা দরকার তা গ্রহণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে পুলিশ। এজন্য সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ চুড়ান্তভাবে পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, ইতোপুর্বে নগরবাসী পুলিশকে শৃঙ্খলা রক্ষায় যেভাবে সহযোগিতা করেছে সেভাবে এবারো সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা করবো। জাতি নিরাপত্তার মধ্যে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
ভাষা দিবসে কোন চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমডি কমিশনার বলেন, স্পেসিফিকলি এভাবে বলার কিছু নেই। তবে মহান ভাষা দিবসে যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কোনো উগ্র সংগঠন যাতে কোনো নাশকতার পরিকল্পনা সফল করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের পরিকল্পনা সফল হবে।
আল কায়েদার কথিত ভিডিও সম্পর্কে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, আল কায়েদার কথিত ভিডিও বার্তাটি পুলিশের নজরে রয়েছে। আমরা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। ২১ ফেব্রুয়ারির আগে ইন্টারনেটে এধরনের বার্তা জনমনে আশঙ্কা তৈরি করতে পারে। একই ভাবে এই ভিডিও বার্তা প্রকাশিত হবার কারণে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা সেবিষয় বিবেচনায় এনে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]