গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকায় স্বামী, শাশুড়ি ও ভাশুর মিলে অ্যানি আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে প্রকাশ্যে উঠাণে হাত পা বেঁধে বর্বর নির্যাতন করেছে। মুমূর্ষু অ্যানি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অ্যানি কাথোরা এলাকার হাবিব উল্লাহ মাস্টারের ছেলে খায়রুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
অ্যানির বাবা মজিবর রহমান জানান, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে সালিশে দেনমোহর ও খোরপোষ বাবদ আট লাখ পাঁচ হাজার টাকায় তাদের বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। খায়রুলের পরিবার নগদ টাকার পরিবর্তে অ্যানিকে দুই কাঠা জমি রেজিস্ট্রি করে দিতে সম্মত হয়। সোমবার জমি দেওয়ার কথা বলে অ্যানিকে তার স্বামীর বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে অ্যানি জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছে ভেবে নির্যাতনকারীরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে অ্যানির বাবা-মা খায়রুলের বাড়ির উঠানে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযাগ দিলে মামলা দায়ের এবং আসামিদের গ্রেফতার করা হবে।
এম এ





