কুড়িগ্রামে ধরলা নদীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবিতে বউয়ের বাবাসহ ৪ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- কনের বাবা নুরু ইসলাম (৬০) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার বাসিন্দা, একই এলাকার আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ জন একটি নৌকায় করে বুধবার বিকালে বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ধরলা নদীতে হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে। এসময় বৃ‌ষ্টি ‌থেকে রেহাই পেতে নৌকায় লোকজন প‌লি‌থিন নিয়ে টানাটা‌নি করলে নৌকা‌টি উল্টে যায়। এ সময় অন‌্যান‌্য লোকজন সাঁতরে তীরে উঠলেও কনের বাবাসহ চারজনের খোঁজ রয়েছেন।

বু‌ড়াবু‌ড়ি ইউনিয়নের চেয়ারম‌্যান আবু তালেব সরকার জানান, রাতে খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি।

এমবি