শনিবার (৩ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা, আশকোন নগর এলাকায় এ অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন এলাকায় বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল।

এ সময় পূর্ব রামখানা, আশকোন নগর এলাকায় ভারতের সীমান্তের দিক থেকে কয়েকজন চোরাকারবারি আসছিল। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বহন করা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ আইস কি না, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। কিছু ক্ষেত্রে নিম্নমানের মাদককে ক্রিস্টাল মেথ আইস হিসেবে পাচারের চেষ্টা করা হয়।

বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও তৎপরতা চালানো হবে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এস