ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আসলাম খান (২৪) ও সোহেল (১৮)।
মঙ্গলবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
মৃতদেহ মধ্যে আসলাম খান বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে ও সোহেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে।
শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আসলাম অসুস্থ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় এবং গভীর রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।
সোহেলও সোমবার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।
এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। এর মধ্যে বর্তমানে ২৪ জন ভর্তি রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলাম নাহিদের স্ত্রী ফারজানা হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে মারা গেছেন। সোমবার দিনগত রাত পৌনে ২টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ফারজানা তার পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ নিয়ে জুন-জুলাইয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আটজন মারা গেলেন; যার মধ্যে ছয়জনই নারী।
এসএম





