জেলা শহরের বটতলা বাসন্তী পাড়ার জনৈক গৌতম বসাকের বাড়িতে প্রবেশের গলি থেকে  স্কচটেপ ও তার মোড়ানো ককটেলসদৃশ তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।

এসময় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর স্বস্তি ফিরে আসে।

জানা গেছে, গৌতম বসাক ওই গলি দিয়ে তার বাড়ি থেকে বের হওয়ার সময় একটি নেট ব্যাগের ভেতর নিউজ পেপার কাগজে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন।  এসময় তিনি ওই ব্যাগ খুলে দেখতে পান লাল স্কচটেপ মোড়ানো এবং বৈদ্যুতিক তার সংযুক্ত তিনটি ককটেল। পরে তিনি  দ্রুত শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে ওইগুলো উদ্ধার করে পানিতে ডুবিয়ে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে এএসপি (সার্কেল) মো. শাহজাহান মিয়া জানান, লাল স্কচটেপ মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি থানায় নেওয়া হয়েছে। এক্সপার্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে বস্তুটি কি এবং কে বা কারা এ কাজ করেছে তাও খতিয়ে দেখা হবে।

জেআই