আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৬ আগস্ট। বাস ম্যানেজারদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সালাউদ্দিন।
তিনি জানান, সোমবার বাস ম্যানেজারদের বৈঠকে ২৬ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্তে সমর্থন জানায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সামাদ জানান, গাবতলীতে বাস মালিক সমিতির কার্যালয়ের এক বৈঠকে ২৬ আগস্ট থেকে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোর অগ্রিম বাসের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। তবে অন্যান্য জেলার বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়নি।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।
এম এ





